টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুকেো
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের কৃতী সন্তান এবং সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক পেশাগত দক্ষতা, সততা, জনবান্ধব পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, তিনি দুইবার সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি এবং একবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা অর্জন করেছেন। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে ওসি ওমর ফারুক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
ওসি ওমর ফারুকের এই ধারাবাহিক সাফল্যে ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের মানুষ গর্ব প্রকাশ করেছেন। তাঁর এই অর্জনে সহকর্মী, স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওসি ওমর ফারুক তাঁর পেশাগত দক্ষতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।